Skip to content

অংশ ২০: রিভিশন, আপিল ও রেফারেন্স · তৃতীয় অধ্যায়: বিকল্প বিরোধ নিষ্পত্তি

ধারা ২৯৮ — বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রয়োগ

Income Tax Act, 2023 · Section 298

আইনের মূল পাঠ

২৯৮। (১) উপ-ধারা (৪) এর বিধান সাপেক্ষে, একজন করদাতা আপিল আয়কর কর্তৃপক্ষ বা কর ১[আপিল ট্রাইব্যুনালে নিষ্পন্নাধীন বিরোধ বা আপিল ট্রাইবুনালের আদেশ পরবর্তী পর্যায়ে] বা সুপ্রীম কোর্টের যেকোনো বিভাগে নিষ্পন্নাধীন বিরোধ, বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির জন্য আবেদন করিতে পারিবেন।

(২) সুপ্রীম কোর্টের যেকোনো বিভাগে কোনো বিরোধ নিষ্পন্নাধীন থাকিলে, করদাতাকে উপ-ধারা (১) এর অধীন আবেদন দাখিলের পূর্বে আদালতের অনুমতি গ্রহণ করিতে হইবে:

তবে শর্ত থাকে যে, কোনো বিরোধ লইয়া রিট করা হইলে উক্ত বিরোধ বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা যাইবে না।

(৩) বিকল্প বিরোধ নিষ্পত্তির আবেদন-

(ক) নির্ধারিত ফরমে, সময়ে এবং ফি প্রদানপূর্বক প্রত্যয়ন করিয়া দাখিল করিতে হইবে;

(খ) সংশ্লিষ্ট আপিল আয়কর কর্তৃপক্ষ বা কর আপিল ট্রাইব্যুনাল বা, ক্ষেত্রমত, সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার বরাবর দাখিল করিতে হইবে।

(৪) করদাতা আবেদনপত্রের সহিত সংশ্লিষ্ট কাগজপত্র, দলিলাদি এবং আইনগত ভিত্তি ও প্রকৃত ঘটনা সম্বলিত বিবৃতি দাখিল করিবেন।

(৫) কোনো করদাতা কোনো আয়বর্ষের রিটার্ন দাখিল করিয়া থাকিলে, তিনি বিকল্প বিরোধ নিষ্পত্তির আবেদন দাখিলের যোগ্য হইবেন না যদি না উক্ত আয়বর্ষে ২[স্বীকৃত করদায়] পরিশোধ না করিয়া থাকেন।

সংশোধনী টীকা

  1. ১২০২৬–২৭“আপিল ট্রাইব্যুনালে নিষ্পন্নাধীন বিরোধ বা আপিল ট্রাইবুনালের আদেশ পরবর্তী পর্যায়ে” শব্দগুলি “আপিল ট্রাইব্যুনাল” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৪৭ ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
  2. ২২০২৪–২৫“স্বীকৃত করদায়” শব্দগুলি “ধারা ১৭৩ এর অধীন প্রদেয় কর” শব্দগুলি ও সংখ্যার পরিবর্তে অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ৮০ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।

সহজ ভাষায় বুঝুন

মেন্টরের নোট · Unidara Associates

করদাতা আপিল কর্তৃপক্ষ, ট্রাইব্যুনাল বা সুপ্রীম কোর্টে নিষ্পন্নাধীন বিরোধ ADR এ নিতে আবেদন করতে পারেন, নির্ধারিত ফরম ও ফি দিয়ে। সুপ্রীম কোর্টে থাকলে আগে আদালতের অনুমতি লাগবে; রিট করা বিরোধ ADR এ যাবে না। রিটার্ন দিয়ে থাকলে সেই বছরের স্বীকৃত কর পরিশোধ না করলে আবেদন করা যাবে না।

ধাপে ধাপে বুঝি

  1. ১উপ-ধারা (১)–(৩): আবেদন নির্ধারিত ফরমে, সময়ে, ফিসহ, সংশ্লিষ্ট আপিল কর্তৃপক্ষ, ট্রাইব্যুনাল বা সুপ্রীম কোর্টের রেজিস্ট্রারের কাছে।
  2. ২সুপ্রীম কোর্টে নিষ্পন্নাধীন হলে আগে আদালতের অনুমতি; রিট হলে ADR চলবে না।
  3. ৩উপ-ধারা (৪): কাগজপত্র, দলিল আর আইনগত ভিত্তি ও প্রকৃত ঘটনার বিবৃতি।
  4. ৪উপ-ধারা (৫): রিটার্ন দাখিল করলে সেই বছরের স্বীকৃত করদায় পরিশোধ থাকতে হবে।

মনে রাখুন

  • স্বীকৃত কর পরিশোধ পূর্বশর্ত।
  • রিট করা বিরোধ ADR এ নয়।
  • সুপ্রীম কোর্টের মামলায় আদালতের অনুমতি।

আয়কর পরিপত্র ২০২৬–২৭ অনুযায়ী

অনুচ্ছেদ ১১৭ · পৃষ্ঠা ১২৯
  • উপ-ধারা (১) এ একই শব্দ পরিবর্তন — ধারা ২৯৭ এর সাথে সংগতি রেখে ADR ট্রাইব্যুনালের আদেশ-পরবর্তী পর্যায়েও।
  • সংশোধিত বিধান ১ জুলাই, ২০২৬ থেকে প্রযোজ্য।

সূত্র: জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর পরিপত্র ২০২৬–২৭। পরিপত্রের ব্যাখ্যা সহজ ভাষায় সংক্ষেপ করা হয়েছে; উদাহরণের অঙ্ক অপরিবর্তিত।

উদাহরণ

  1. ১একটি কোম্পানির বিরোধ হাইকোর্টে রেফারেন্সে আছে। ADR এ যেতে হলে আগে হাইকোর্টের অনুমতি নিতে হবে, তারপর রেজিস্ট্রারের কাছে আবেদন।

সাম্প্রতিক পরিবর্তন

অর্থ আইন, ২০২৪: “স্বীকৃত করদায়”। অর্থ আইন, ২০২৬: ট্রাইব্যুনালের আদেশ পরবর্তী পর্যায় যোগ।

বিশেষজ্ঞ বিশ্লেষণ

নীতি, প্রশাসন, আইন ও হিসাব, চার দিক থেকে

করবর্ষ ২০২৬–২৭ অনুযায়ী

নীতিগত উদ্দেশ্য: আইনটা কেন এমন

ADR এ প্রবেশের শর্ত: স্বীকৃত কর পরিশোধ আর উচ্চ আদালতের মামলায় অনুমতি।

আয়কর আইনজীবীর দৃষ্টিতে

রিটে থাকা বিরোধ ADR এ নয়; তাই ADR চাইলে রিটের আগে সিদ্ধান্ত নিন, বা রিট প্রত্যাহারের প্রভাব বিবেচনা করুন।

এই বিশ্লেষণ Unidara Associates এর শিক্ষামূলক ব্যাখ্যা, NBR এর দাপ্তরিক মত নয়। আপনার নির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্তের আগে পরামর্শ নিন।

Talk to us

Tell us what you need on WhatsApp or by phone. A licensed practitioner looks at your case and gives you a fixed quote before any work starts.

01317-028002info@unidaraassociates.bd

Have a deadline coming up? Let’s get it filed.

Tell us what you need. A licensed practitioner reviews your case and sends a fixed quote before any work starts.