Skip to content

অংশ ৫: আয় পরিগণনা · দ্বিতীয় অধ্যায়: চাকরি হইতে আয়

ধারা ৩২ — চাকরি হইতে আয়

Income Tax Act, 2023 · Section 32

আইনের মূল পাঠ

৩২। (১) উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, চাকরি হইতে আয় অর্থে নিম্নবর্ণিত আয়সমূহ অন্তর্ভুক্ত হইবে, যথা:-

(ক) চাকরি হইতে প্রাপ্ত বা প্রাপ্য যেকোনো প্রকার আর্থিক প্রাপ্তি, বেতন ও সুযোগ-সুবিধা;

(খ) কর্মচারী শেয়ার স্কিম হইতে অর্জিত আয়;

(গ) কর অনারোপিত বকেয়া বেতন; বা

(ঘ) অতীত বা ভবিষ্যতের কোনো নিয়োগকর্তা হইতে প্রাপ্ত যেকোনো অঙ্ক বা সুবিধা।

(২) নিম্নবর্ণিত প্রাপ্তিসমূহ চাকরি হইতে আয় এর অন্তর্ভুক্ত হইবে না, যথা:-

১[(ক) শেয়ারহোল্ডার পরিচালক নহে এইরূপ অন্য কোনো কর্মচারীর হৃদযন্ত্র, বৃক্ক, চক্ষু, যকৃত ও মস্তিষ্ক সংক্রান্ত অপারেশন, কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন এবং ক্যানসার সংক্রান্ত চিকিৎসা ব্যয় বাবদ প্রাপ্ত অর্থ;]

(খ) সম্পূর্ণরূপে এবং কেবল চাকরির দায়িত্ব পরিপালনের জন্য প্রাপ্ত এবং ব্যয়িত যাতায়াত ভাতা, ভ্রমণ ভাতা ও দৈনিক ভাতা ২[;]

৩[(গ) কোম্পানি কর্তৃক গোষ্ঠী বীমা বাবদ কোনো কর্মচারীর পক্ষে বীমা কোম্পানিকে পরিশোধিত প্রিমিয়াম এবং বীমা কোম্পানি কর্তৃক প্রদত্ত গোষ্ঠী বীমা পলিসির আওতায় পুনর্ভরণকৃত (reimbursement) চিকিৎসা খরচ।]

ব্যাখ্যা।-এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে,

(ক) “বেতন” অর্থ কর্মচারী কর্তৃক চাকরি হইতে প্রাপ্ত যেকোনো প্রকৃতির অঙ্ক এবং নিম্নবর্ণিত বিষয় ইহার অন্তর্ভুক্ত হইবে, যথা:-

(অ) যেকোনো বেতন, মজুরি বা পারিশ্রমিক;

(আ) যেকোনো ভাতা, ছুটি ভাতা, ছুটি নগদায়ন, বোনাস, ফি, কমিশন, ওভারটাইম;

(ই) অগ্রিম বেতন;

(ঈ) আনুতোষিক, অ্যানুইটি, পেনশন বা ইহাদের সম্পূরক;

(উ) পারকুইজিট‌;

(ঊ) বেতন বা মজুরির পরিবর্তে প্রাপ্তি অথবা বেতন বা মজুরির অতিরিক্ত প্রাপ্তি;

(খ) “বেতন বা মজুরির পরিবর্তে প্রাপ্তি” অথবা “বেতন বা মজুরির অতিরিক্ত প্রাপ্তি” অর্থে অন্তর্ভুক্ত হইবে-

(অ) চাকরির অবসানের কারণে প্রাপ্ত যেকোনো প্রকার ক্ষতিপূরণ, উহা যে নামেই অভিহিত হউক না কেন;

(আ) ভবিষ্য তহবিল বা অন্য কোনো তহবিলে কর্মচারীর অনুদানের অংশ ব্যতিরেকে অবশিষ্ট অংশ;

(ই) চাকরির চুক্তির শর্তাবলির পরিবর্তনের ফলে প্রাপ্ত অঙ্ক বা সুবিধাদির ন্যায্য বাজার মূল্য;

(ঈ) চাকরিতে যোগদানকালে বা চাকরির অন্য কোনো শর্তের অধীন প্রাপ্ত অঙ্ক বা সুবিধাদির ন্যায্য বাজার মূল্য;

(গ) “পারকুইজিট” অর্থ নিয়োগকর্তা কর্তৃক কর্মচারীকে প্রদত্ত ইনসেনটিভ বোনাসসহ যেকোনো প্রকারের পরিশোধ বা সুবিধা, তবে নিম্নবর্ণিত পরিশোধসমূহ ইহার অন্তর্ভুক্ত হইবে না, যথা:-

(অ) মূল বেতন, বকেয়া বেতন, অগ্রিম বেতন, উৎসব ভাতা, ছুটি নগদায়ন ও ওভারটাইম;

(আ) স্বীকৃত ভবিষ্য তহবিল, অনুমোদিত পেনশন তহবিল, অনুমোদিত আনুতোষিক তহবিল ও অনুমোদিত বার্ধক্য তহবিলে প্রদত্ত চাঁদা;

৪[(ই) কোম্পানি কর্তৃক গোষ্ঠী বীমা বাবদ কোনো কর্মচারীর পক্ষে বীমা কোম্পানিকে পরিশোধিত প্রিমিয়াম;]

(ঘ) “মূল বেতন” অর্থ মাসিক বা অন্য প্রকারে প্রদেয় বেতন যাহার ভিত্তিতে অন্যান্য ভাতা এবং সুবিধা নির্ধারিত হয়, তবে নিম্নবর্ণিত ভাতা বা সুবিধাদি ইহার অন্তর্ভুক্ত হইবে না, যথা:-

(অ) সকল প্রকার ভাতা, পারকুইজিট, অ্যানুইটি, বোনাস ও সুবিধা; এবং

(আ) নিয়োগকর্তা কর্তৃক কর্মচারীর বিভিন্ন তহবিলে প্রদত্ত চাঁদা;

(ঙ) “নিয়োগকর্তা” অর্থ যিনি নিয়োগ দান করিয়া থাকেন এবং বেতন-ভাতাদি পরিশোধ করিয়া থাকেন বা নিয়োগকর্তার পক্ষে উক্ত কাজ সম্পন্নকারী ব্যক্তিও নিয়োগকর্তা হিসাবে গণ্য হইবেন।

সংশোধনী টীকা

  1. ১২০২৫–২৬দফা (ক) অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ৪০(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  2. ২২০২৫–২৬“;” চিহ্ন “।” চিহ্নের পরিবর্তে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ৪০(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  3. ৩২০২৬–২৭দফা (গ) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৩২ ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
  4. ৪২০২৫–২৬উপ-দফা (ই) অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ৪০(গ) ধারাবলে সন্নিবেশিত।

সহজ ভাষায় বুঝুন

মেন্টরের নোট · Unidara Associates

চাকরি থেকে যা কিছু পাওয়া যায় (বেতন, ভাতা, বোনাস, সুবিধা, শেয়ার স্কিমের আয়, বকেয়া বেতন, এমনকি আগের বা ভবিষ্যৎ নিয়োগকর্তার কাছ থেকে পাওয়া টাকা), সবই চাকরি হইতে আয়। শুধু কয়েকটি নির্দিষ্ট প্রাপ্তি এর বাইরে।

মনে রাখুন

  • “বেতন” এর মধ্যে আছে: মূল বেতন, মজুরি, সব ধরনের ভাতা, ছুটি ভাতা, ছুটি নগদায়ন, বোনাস, ফি, কমিশন, ওভারটাইম, অগ্রিম বেতন, আনুতোষিক, পেনশন, পারকুইজিট।
  • চাকরি শেষে পাওয়া ক্ষতিপূরণ (যে নামেই হোক), যোগদানের সময় পাওয়া টাকা বা সুবিধা, চুক্তি বদলের কারণে পাওয়া সুবিধাও বেতনের অংশ।
  • চাকরি থেকে আয় নয়: (ক) শেয়ারহোল্ডার পরিচালক নন এমন কর্মচারীর হৃদযন্ত্র, কিডনি, চোখ, লিভার ও মস্তিষ্কের অপারেশন, কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন এবং ক্যানসারের চিকিৎসার জন্য পাওয়া টাকা; (খ) শুধু অফিসের কাজে পাওয়া ও খরচ করা যাতায়াত, ভ্রমণ ও দৈনিক ভাতা; (গ) কোম্পানির দেওয়া গোষ্ঠী বিমার প্রিমিয়াম এবং সেই বিমা থেকে ফেরত পাওয়া চিকিৎসা খরচ।
  • “পারকুইজিট” মানে নিয়োগকর্তার দেওয়া যেকোনো সুবিধা বা পরিশোধ, ইনসেনটিভ বোনাসসহ। তবে মূল বেতন, বকেয়া বেতন, অগ্রিম বেতন, উৎসব ভাতা, ছুটি নগদায়ন, ওভারটাইম, অনুমোদিত তহবিলে চাঁদা ও গোষ্ঠী বিমার প্রিমিয়াম পারকুইজিট নয়।

আয়কর পরিপত্র ২০২৬–২৭ অনুযায়ী

অনুচ্ছেদ ১১ · পৃষ্ঠা ৩০
  • উপ-ধারা (২) এর দফা (গ) প্রতিস্থাপন: কোম্পানি কর্মচারীর জন্য গোষ্ঠী বিমায় যে প্রিমিয়াম দেয়, তার পাশাপাশি গোষ্ঠী বিমা পলিসির আওতায় বিমা কোম্পানি কর্মচারীকে যে চিকিৎসা খরচ পুনর্ভরণ (reimburse) করে — দুটোই কর্মচারীর চাকরি থেকে আয়ের বাইরে।
  • সংশোধিত বিধান ২০২৬-২০২৭ করবর্ষ থেকে প্রযোজ্য।

সূত্র: জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর পরিপত্র ২০২৬–২৭। পরিপত্রের ব্যাখ্যা সহজ ভাষায় সংক্ষেপ করা হয়েছে; উদাহরণের অঙ্ক অপরিবর্তিত।

উদাহরণ: কোনটা আয়, কোনটা নয়

  1. ১সুমি আপা বছরে মূল বেতন পান ৬,০০,০০০ টাকা, বাড়ি ভাড়া ভাতা ২,৪০,০০০, উৎসব বোনাস ১,০০,০০০ টাকা। সবই চাকরি হইতে আয়।
  2. ২অফিসের কাজে চট্টগ্রাম যাওয়ার জন্য ১৫,০০০ টাকা ভ্রমণ ভাতা পেয়ে পুরোটাই কাজে খরচ করেছেন। এটা আয় নয়।
  3. ৩কোম্পানি তার ক্যানসারের চিকিৎসার জন্য ৩,০০,০০০ টাকা দিয়েছে, আর তিনি শেয়ারহোল্ডার পরিচালক নন। এটাও আয় নয়।

প্র্যাকটিশনারের পরামর্শ

বছর শেষে নিয়োগকর্তার কাছ থেকে বেতন বিবরণী আর উৎসে কর কাটার সনদ নিন। রিটার্নে প্রতিটি অংশ (মূল বেতন, ভাতা, বোনাস, পারকুইজিট) আলাদা করে দেখান। করমুক্ত অংশের সীমা ষষ্ঠ তফসিলে দেওয়া আছে।

সাম্প্রতিক পরিবর্তন

অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ চিকিৎসা ব্যয়ের দফা (ক) নতুন করে লিখেছে এবং গোষ্ঠী বিমার প্রিমিয়ামকে পারকুইজিটের বাইরে রেখেছে। অর্থ আইন, ২০২৬ দফা (গ) নতুন করে লিখে গোষ্ঠী বিমার প্রিমিয়াম ও বিমা থেকে ফেরত পাওয়া চিকিৎসা খরচ চাকরির আয়ের বাইরে রেখেছে।

Talk to us

Tell us what you need on WhatsApp or by phone. A licensed practitioner looks at your case and gives you a fixed quote before any work starts.

01317-028002info@unidaraassociates.bd

Have a deadline coming up? Let’s get it filed.

Tell us what you need. A licensed practitioner reviews your case and sends a fixed quote before any work starts.