Skip to content

অংশ ৫: আয় পরিগণনা · দশম অধ্যায়: হিসাবরক্ষণ পদ্ধতি

ধারা ৭৪ — দীর্ঘমেয়াদি চুক্তির ক্ষেত্রে হিসাবরক্ষণ পদ্ধতি

Income Tax Act, 2023 · Section 74

আইনের মূল পাঠ

৭৪। (১) যেইক্ষেত্রে কোনো ব্যক্তি ‘ব্যবসা ১[বা পেশা] হইতে আয়’ শ্রেণিভুক্ত এবং গণনাকৃত আয়ের জন্য উপচিত ২[(accrual)] হিসাবরক্ষণ পদ্ধতি অনুসরণ করেন, সেইক্ষেত্রে কোনো আয়বর্ষে দীর্ঘমেয়াদি চুক্তি হইতে উদ্ভূত আয় সম্পাদনের শতাংশ পদ্ধতি অনুসারে গণনা করিতে হইবে।

(২) কোনো করবর্ষে দীর্ঘমেয়াদি চুক্তি সম্পাদনের শতাংশ, উক্ত করবর্ষ শেষ হইবার পূর্বে চুক্তিতে মোট বরাদ্দকৃত ব্যয় এবং সংঘটিত খরচের সহিত চুক্তির শুরুতে নির্ধারিত আনুমানিক মোট চুক্তিব্যয়ের মধ্যে তুলনার মাধ্যমে নির্ধারিত হইবে।

(৩) এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে,-

(ক) "দীর্ঘমেয়াদি চুক্তি" অর্থ উৎপাদন, স্থাপন, বা নির্মাণ সংক্রান্ত চুক্তি, বা এতৎসংক্রান্ত প্রতিটি চুক্তি সম্পর্কিত পরিষেবা সমূহের সম্পাদন, যাহা চুক্তির অধীন কাজ আরম্ভ হইবার ৩[বৎসরের] মধ্যে সম্পন্ন হয় নাই, তবে চুক্তির অধীন কাজ শুরু হইবার দিন হইতে আনুমানিক ৬ (ছয়) মাসের মধ্যে শেষ হইবে এইরূপ চুক্তি ব্যতীত অন্য সকল চুক্তি;

(খ) "সম্পাদনের শতাংশ পদ্ধতি" অর্থ সার্বজনীনভাবে গৃহীত হিসাবরক্ষণ নীতি যাহার অধীন দীর্ঘমেয়াদি চুক্তির আওতাধীন রাজস্ব ও ব্যয় উপ-ধারা (২) এর অধীন সংশোধনকৃত চুক্তির সমাপ্তির পর্যায়ে স্বীকৃত হয়।

সংশোধনী টীকা

  1. ১২০২৬–২৭“বা পেশা ” শব্দগুলি “ব্যবসা” শব্দের পর অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৬০ ধারাবলে সন্নিবেশিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
  2. ২২০২৬–২৭“(accrual)” শব্দ ও বন্ধনী “উপচিত” শব্দের পর অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৬০ ধারাবলে সন্নিবেশিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
  3. ৩২০২৪–২৫“বৎসরের” শব্দটি “করবর্ষের” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ৩২ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।

সহজ ভাষায় বুঝুন

মেন্টরের নোট · Unidara Associates

যে চুক্তির কাজ এক বছরে শেষ হয় না (যেমন বড় নির্মাণ প্রকল্প), তার আয় কাজ কতটুকু শেষ হয়েছে সেই অনুপাতে প্রতি বছর ধরতে হবে। একে বলে সম্পাদনের শতাংশ পদ্ধতি।

মনে রাখুন

  • প্রযোজ্য: ব্যবসা বা পেশার আয়ে উপচিত (accrual) পদ্ধতি মানেন এমন করদাতার দীর্ঘমেয়াদি চুক্তি।
  • দীর্ঘমেয়াদি চুক্তি: উৎপাদন, স্থাপন বা নির্মাণের চুক্তি যা কাজ শুরুর বছরে শেষ হয়নি। তবে আনুমানিক ৬ মাসের মধ্যে শেষ হওয়ার চুক্তি এর মধ্যে পড়ে না।
  • সম্পাদনের শতাংশ = এ পর্যন্ত হওয়া খরচ ÷ চুক্তির শুরুতে ধরা আনুমানিক মোট খরচ।

আয়কর পরিপত্র ২০২৬–২৭ অনুযায়ী

অনুচ্ছেদ ৩১ · পৃষ্ঠা ৬১
  • উপ-ধারা (১) এ “ব্যবসা” এর পর “বা পেশা” এবং “উপচিত” এর পর “(accrual)” যোগ — দীর্ঘমেয়াদি চুক্তিতে উপচিত ভিত্তির হিসাব স্পষ্ট।
  • সংশোধিত বিধান ২০২৬-২০২৭ করবর্ষ থেকে প্রযোজ্য।

সূত্র: জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর পরিপত্র ২০২৬–২৭। পরিপত্রের ব্যাখ্যা সহজ ভাষায় সংক্ষেপ করা হয়েছে; উদাহরণের অঙ্ক অপরিবর্তিত।

উদাহরণ: সেতু নির্মাণ

  1. ১একটি ঠিকাদার প্রতিষ্ঠান ১০ কোটি টাকার একটি সেতু নির্মাণের চুক্তি পেল। আনুমানিক মোট খরচ ৮ কোটি টাকা।
  2. ২প্রথম বছর শেষে খরচ হয়েছে ২ কোটি টাকা। সম্পাদনের শতাংশ = ২ ÷ ৮ = ২৫%।
  3. ৩প্রথম বছরের রাজস্ব = ১০ কোটির ২৫% = ২.৫ কোটি টাকা। মুনাফা = ২.৫ − ২ = ০.৫ কোটি টাকা।

সাম্প্রতিক পরিবর্তন

অর্থ আইন, ২০২৬ “বা পেশা” আর “(accrual)” শব্দ যোগ করেছে।

Talk to us

Tell us what you need on WhatsApp or by phone. A licensed practitioner looks at your case and gives you a fixed quote before any work starts.

01317-028002info@unidaraassociates.bd

Have a deadline coming up? Let’s get it filed.

Tell us what you need. A licensed practitioner reviews your case and sends a fixed quote before any work starts.